চেলসিকে ১-০ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে সাবেক ক্লাব চেলসির বিপক্ষে ইনজুরি টাইমে কাই হাভার্টজের করা একমাত্র গোলেই দুই লেগ মিলিয়ে ৪–২ ব্যবধানে জয় নিশ্চিত করে লন্ডনের ক্লাবটি।
সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথম এক ঘণ্টা ছিল বেশ সতর্ক ও রক্ষণাত্মক। এই সময়ে দুই দলের গোলরক্ষককে মাত্র একটি করে সেভ করতে দেখা যায়। এরপর ম্যাচে আক্রমণের ধার বাড়াতে চেলসি কোচ লিয়াম রোজেনিয়র বদলি হিসেবে নামান কোল পালমার ও ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাওকে।
এরপর মাঠে নামেন আলেহান্দ্রো গারনাচোও-যিনি স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে চেলসির দুই গোলই করেছিলেন। সমষ্টিগত স্কোর সমতায় আনতে মরিয়া হয়ে আক্রমণ চালায় অতিথি দলটি।
তবে মিকেল আর্তেতার শিষ্যরা চাপ সামলে দৃঢ়ভাবে রক্ষণ গড়ে তোলে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দ্রুত পাল্টা আক্রমণ থেকে হাভার্টজ গোল করলে নিশ্চিত হয়ে যায় আর্সেনালের জয়।
২০১৮ সালের পর প্রথমবারের মতো লিগ কাপের ফাইনালে উঠেছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল ইউনাইটেড। বুধবার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল, যেখানে প্রথম লেগে ২–০ গোলে এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।