
ফেনীর ছোট ফেনী নদীর অব্যাহত ও তীব্র ভাঙনে বিপর্যয়ের মুখে পড়েছে নদীপাড়ের জনজীবন। ভাঙনের কারণে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি, বসতবাড়ি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা।
এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে এবং দ্রুত নদী শাসনের দাবিতে রোববার সকালে ফেনীর সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদী সেতু সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে নদীপাড়ের বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ ও শিশু অংশ নেন।
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নদী ভাঙনের কারণে তাদের দুর্ভোগ ও ক্ষোভের কথা তুলে ধরেন। ব্যানারগুলোতে দ্রুত ও কার্যকর নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ছোট ফেনী নদীর ভাঙনে ইতোমধ্যে বহু ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে পুরো জনপদ অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
তারা দ্রুত ৪০০ মিটার ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ স্থাপন, ড্রেজিং কার্যক্রম পরিচালনা এবং নদীর বাঁকা প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে স্থায়ী সমাধানের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া এক নারী আবেগঘন কণ্ঠে বলেন, পরিবারহীন জীবনে এই বসতভিটাই তার একমাত্র আশ্রয়। নদী ভাঙনে সেটিও হারিয়ে গেলে তার আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। তিনি সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।