জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এ অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ–এর আট সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে বাংলা বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী জুনাইদ হোসাইন রায়িনকে সভাপতি এবং মার্কেটিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মো. রাফিউল আজাদ রাফিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ময়মনসিংহ জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং জেলার ঐতিহ্য সংরক্ষণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই সংগঠন।
সংগঠনের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—১৬তম ব্যাচের আরিফুল ইসলাম (আরিফ) ও আব্দুল্লাহ আল ইমরান (সহ-সভাপতি), ১৭তম ব্যাচের আব্দুল্লাহ আল মাহফুজ ও আব্দুল্লাহ আল মাহমুদ (গাজী) (যুগ্ম সাধারণ সম্পাদক), ১৮তম ব্যাচের আকরাম খান (সাংগঠনিক সম্পাদক) এবং শরিফুল ইসলাম (দপ্তর সম্পাদক)।
সাধারণ সম্পাদক মো. রাফিউল আজাদ রাফি বলেন, “ময়মনসিংহ জেলা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবায় কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা, যাতে কেউ ক্যাম্পাসে এসে নিজেকে একা মনে না করে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণকে যেন তারা সবচেয়ে বড় ভরসাস্থল হিসেবে পায়—সেই লক্ষ্যেই আমরা কাজ করব। পাশাপাশি সেমিনার ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালার মাধ্যমে মেধা ও মননের বিকাশে গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, এই দায়িত্ব একটি পদ নয়, বরং ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সেবা করার একটি পবিত্র আমানত। দায়িত্ব পালনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিকে সভাপতি জুনাইদ হোসাইন রায়িন বলেন, “সর্বপ্রথম মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও আমার জেলার সকল জবিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
সংগঠনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ময়মনসিংহ জেলার শিক্ষার্থীরা ক্যাম্পাসে আরও সংগঠিত ও সহায়ক পরিবেশ পাবে। অতীতের মতো ভবিষ্যতেও ইফতার মাহফিল, দোয়া অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।