প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৯:৩৯:০৩ প্রিন্ট সংস্করণ
জনপ্রশাসনে বিতর্ক থামছেই না। মাঠ প্রশাসনে অনভিজ্ঞ ও তদবিরপ্রবণ কর্মকর্তাদের পদায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগের প্রজ্ঞাপন ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এর প্রভাব পড়েছে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়াতেও।
সূত্র জানায়, বিগত সরকারের সুবিধাভোগীদের তদবির ও চাপের কারণে পদোন্নতি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এতে ২০তম ব্যাচের শতাধিক কর্মকর্তা যুগ্ম সচিব পদে চার বছর পার করেও অতিরিক্ত সচিব হতে পারছেন না। ফলে প্রশাসনে অসন্তোষ ও কাজের অনীহা দেখা দিয়েছে।
অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইং দীর্ঘদিন ধরে অতিরিক্ত সচিব শূন্য পদে রয়েছে। এতে গুরুত্বপূর্ণ বিভাগে নিয়োগ ও পদায়ন বিলম্বিত হচ্ছে। বর্তমানে ৮৮টি অতিরিক্ত সচিবের পদ শূন্য, যা আগামী জুন নাগাদ ১৫৮-তে দাঁড়াতে পারে।
বিশ্লেষকদের মতে, প্রশাসনে দক্ষতা, নিরপেক্ষতা ও গতিশীলতা ফিরিয়ে আনতে পদোন্নতি ও বদলির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি। আগামী জাতীয় নির্বাচনের আগে প্রশাসন পুনর্গঠনে বিলম্ব হলে মাঠপর্যায়ে সংকট আরও বাড়বে।




















