
স্বামীর রেখে যাওয়া তিন শতক জমি নিয়ে বিরোধের জেরে পাঁচ বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ৭০ বছর বয়সী আলতামুন্নেছা বেগম। প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েও প্রতিকার না পাওয়ার দাবি করেছেন তিনি।
আলতামুন্নেছার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামে। তাঁর একটি মেয়ে থাকলেও কোনো ছেলে সন্তান নেই; মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। মানুষের বাড়িতে কাজ ও দিনমজুরি করে তাঁর সংসার চলে বলে জানান তিনি।
বৃদ্ধার অভিযোগ, স্বামীর রেখে যাওয়া তিন শতক জমি কিনে নেওয়ার জন্য তাঁর ভাতিজা খোরশেদ মিয়া ও দেবর বাচ্চু মিয়াসহ কয়েকজন তাঁকে নানাভাবে হয়রানি করছেন। ঘরের চালে ঢিল ছোড়া, খামারের ময়লা-আবর্জনা ফেলা এবং বাথরুমের দুর্গন্ধ ছড়িয়ে তাঁকে অতিষ্ঠ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইট-পাটকেলের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার দাবিও করেছেন আলতামুন্নেছা।
তিনি বলেন, এসব ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেলে নারকেল গাছ থেকে শব্দ হচ্ছে বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ করার পর হয়রানি আরও বেড়েছে বলে দাবি করেন তিনি।
আলতামুন্নেছা জানান, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সাবেক ইউএনও জাহিদ বিন কাসেম একবার তাঁর বাড়ি পরিদর্শন করেছিলেন এবং বিষয়টি সমাধানের জন্য স্থানীয় চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়। তবে গত ২৪ নভেম্বর পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে দাবি তাঁর। সম্প্রতি কাশিমনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দীর্ঘদিন ধরে প্রতিকার না পেয়ে তিনি স্থানীয় বিভিন্ন মাজারেও যাচ্ছেন বলে জানান।
অভিযোগের বিষয়ে বাচ্চু মিয়া ও খোরশেদ মিয়া হয়রানির অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, তাঁরা শুধু ওই জমিটুকু কিনতে চান।
স্থানীয় বাসিন্দা মধু মিয়া বলেন, হরিণখোলা গ্রামের ওই বৃদ্ধার এমন পরিস্থিতি দুঃখজনক; তাঁর নিরাপত্তা ও প্রতিকার নিশ্চিত করা প্রয়োজন।
আলতামুন্নেছা বলেন, ‘জমিটুকু নেওয়ার জন্য আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমি জীবন ও জমির নিরাপত্তা চাই।’
চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও এখানে সমাধান করতে পারিনি। বৃদ্ধাকে নিরাপত্তা দেওয়া হোক।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি সমাধানের জন্য চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটি পুলিশের বিষয়; তারা আইনগত ব্যবস্থা নেবেন।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।