ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের জম্মুতে পাকিস্তানি বাহিনীর হামলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের এক কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ জন। মোহম্মদ ইমতিয়াজ বিএসএফের জম্মু শাখার উপপরিদর্শক ছিলেন।
শনিবার জম্মুর আর এস পুরা সেক্টরে ঘটে এ ঘটনা। এদিন সকালে পাকিস্তানী বাহিনীর গোলায় গুরুতর আহত হন মোহম্মদ ইমতিয়াজ। সেই সঙ্গে আহত হন তার দলের আরও ৭ জন অধীনস্থ জওয়ান। হাসপাতলে নেওয়ার পর মোহম্মদ ইমতিয়াজকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোহম্মদ ইমতিয়াজের প্রতি সম্মান জানিয়ে পোস্ট করা এক বার্তায় বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, “বিএসএফের সাহসী কর্মকর্তা মোহম্মদ ইমতিয়াজ গত ১০ মে দায়িত্বপালনরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমরা তার এই সর্বোচ্চ ত্যাগস্বীকারকে স্যালুট জানাচ্ছি এবং তার পরিবার ও স্বজনদের উদ্দেশে গভীর শোক জ্ঞাপন করছি।”
ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলাকে ঘিরে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তেজনা চলার পর সংঘাতে জড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। এই সংঘাতের জেরে গুরুতর ঝুঁকির মুখে পড়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা।
টানা কয়েক দিনের সংঘাত-সহিংসতা চলার পর যুক্তরাষ্টের মধ্যস্থতায় শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। তবে ভারতের অভিযোগ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও ভারতের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের সশস্ত্র বাহিনী।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র : এনডিটিভি ওয়ার্ল্ড
এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।