প্রচ্ছদ » সারাদেশ » জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় আশাশুনিতে মানববন্ধন
জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় আশাশুনিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি: ৭ মে ২০২৬ , ৬:১৪:১৬প্রিন্ট
সংস্করণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সামাজিক সুরক্ষা এবং ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও মানববন্ধন।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) দুপুর ১২টায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে “জলবায়ু পরিবর্তন প্ররোচিত অভ্যন্তরীণ অভিবাসন ও স্থানচ্যুত জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা অন্তর্ভুক্তি বৃদ্ধিকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে প্রতাপনগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ডিএমসি)। কর্মসূচিটি বাস্তবায়ন করে কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও লবণাক্ততার ভয়াবহ প্রভাবের কারণে প্রতিবছর অসংখ্য মানুষ বসতভিটা ও জীবিকা হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। বাধ্য হয়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে আশ্রয় নিচ্ছে এবং মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের শিকার এসব মানুষকে শুধু ত্রাণ সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের জন্য দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা, নিরাপদ বাসস্থান এবং টেকসই জীবিকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তারা।
অনুষ্ঠানে জলবায়ু-অভিবাসী পরিবারের তালিকা প্রণয়ন, নিরাপদ আবাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিতকরণসহ ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপস্থাপন করা হয়।
এসময় এলাকার বিপুল সংখ্যক ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নিয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ থেকে মুক্তি এবং মর্যাদাপূর্ণ জীবনের দাবি জানান।