জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি কমাতে আন্তর্জাতিক উদ্যোগ ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই)-তে যোগ দিয়েছে বাংলাদেশ। এ উদ্যোগে ২৬তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ।
শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার (১৩ নভেম্বর) সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের পক্ষে এএমআই উদ্যোগে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী। এ সময় উদ্যোগটির সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি হ্রাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ এ উদ্যোগে অংশ নিয়েছে।
তিনি বলেন, হিমবাহের বরফ গলন রোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের এ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিমবাহ ও বরফস্তরের দ্রুত পরিবর্তন ঘটছে। এতে জলবায়ু ব্যবস্থার ভারসাম্য, পানিসম্পদের প্রাপ্যতা, জীববৈচিত্র্য ও দীর্ঘমেয়াদি পরিবেশগত নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় উপকূলীয় ও নিম্নভূমির দেশগুলো ক্রমবর্ধমান ঝুঁকিতে পড়ছে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এ পরিস্থিতি বিশেষ উদ্বেগের।
এএমআই উদ্যোগে যোগদানের মাধ্যমে হিমবাহের বরফ গলন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পারস্পরিক সম্পর্ক, এর বৈশ্বিক ও আঞ্চলিক প্রভাব এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ সুরক্ষার বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ সরকার।
জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো একক দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। মেরু অঞ্চল ও পার্বত্য হিমবাহে সংঘটিত পরিবর্তন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ, অর্থনীতি ও জনজীবনে প্রভাব ফেলে। এ সংকট মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ, বিজ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ, কার্যকর প্রশমন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো তুলে ধরে আসছে। এএমআই-তে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বৈশ্বিক জলবায়ু সুরক্ষার বৃহত্তর প্রচেষ্টায় বাংলাদেশের সম্পৃক্ততা আরও বিস্তৃত হলো।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।