
জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।
কর্মসূচিতে সংগঠনটির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আসাফুদ্দোলা মাসুম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হয়ে আসছেন। জাতীয় নির্বাচনের আগেই জাতীয় পে-স্কেল ঘোষণা করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কলম বিরতিসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ম্যাজিস্ট্রেট আদালত চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।