
“যাদের জুলাইয়ের প্রতি শ্রদ্ধা আছে, যারা রাষ্ট্রের সংস্কার ও পরিবর্তন চান, তারাই দাঁড়িপাল্লা প্রতীকে আর হ্যাঁ-এর পক্ষে ভোট দেবেন”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা পরিবর্তন চায় না, যারা স্বৈরাচারী শাসন কায়েম করতে চায়, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজ্য গড়তে চায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না, তারাই না-এর পক্ষে ভোট দেবে। তাদের জুলাই যোদ্ধাদের প্রতি কোনো শ্রদ্ধা বা দায়বদ্ধতা নেই। তিনি দাবি করেন, কিছু অশুভ চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে, তবে এসব মিথ্যাচার করে কোনো লাভ হবে না, কারণ দেশের মানুষ এখন সচেতন।
তিনি আরও বলেন, “মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে, নিজের অধিকার আদায় করতে শিখেছে। প্রয়োজনে মানুষ আবারও রাস্তায় নামবে, তবে কোনো অশুভ শক্তির হাতে রাষ্ট্র তুলে দেবে না। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মানুষ অপেক্ষা করবে, ওই দিন ব্যালটের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।”
জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্রে রূপান্তর করা হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সেখানে ধর্ম-বর্ণভিত্তিক কোনো বিভেদ থাকবে না, মানুষে মানুষে বৈষম্য থাকবে না। তিনি পোশাক-সংক্রান্ত প্রচলিত সমালোচনার জবাবে বলেন, “যে কেউ শালীনতার সঙ্গে যেকোনো পোশাক পরতে পারবেন। কাউকে জোর করে পোশাক পরানো জামায়াতে ইসলামের কাজ নয়।”
এর আগে যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, যশোর ব্রিটিশ ভারতের প্রথম জেলা হলেও দীর্ঘদিনের দাবির পরও এখানে সিটি কর্পোরেশন হয়নি। কৃষি বিপ্লব ঘটলেও আজও একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। জামায়াত ক্ষমতায় এলে যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ যশোরের ছয়টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা নেতৃবৃন্দ।
সবশেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যশোরের ছয়টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।