
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। শনিবার (২৪ জানুয়ারি) রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।
নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর জোটে নতুন দল যুক্ত হওয়ায় আসন বণ্টনে কোনো পরিবর্তন আসবে কিনা—এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে নতুন যুক্ত হওয়া লেবার পার্টি কোনো আসন পাবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে এ টি এম মা’ছুম বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করছি। নির্বাচনে ১০ দলীয় জোটের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। সারা দেশে আমাদের কেন্দ্রীয় নেতারাসহ সবাই নিজ নিজ আসনে প্রচারণায় কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন।”
এদিকে জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের সঙ্গে লড়েছি, ৫ আগস্টের পর তাদের মধ্যে ফ্যাসিবাদের আচরণ দেখেছি। আমরা কোনো স্বার্থের কাছে মাথা নত করিনি। আর এমন সময়ে আমরা জোটে যোগ দিয়েছি, যখন আমাদের আসন দেওয়ার সুযোগ নেই।”
নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের সময়সীমা ইতোমধ্যে শেষ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে লেবার পার্টি কোনো আসনে নির্বাচন করতে পারছে না। ফলে দলটি কার্যত জোটের নির্বাচনী কর্মকাণ্ডে নৈতিক ও রাজনৈতিক সমর্থনেই ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ দুই দশকের রাজনৈতিক পথচলার পর বিএনপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ লেবার পার্টি এবার এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। দলটি থেকে ১৫ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, “আমরা সবাই মিলে একাত্ম হয়ে আগামী নির্বাচনে ভূমিকা পালন করব। ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে সামনেও কাজ করবে ১১ দল।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।