
সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহণের ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র) মহিবুল্লাহ ক্বারী মহিবুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপারের পক্ষ থেকে রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া এলাকার ১ নম্বর ওয়ার্ড আমতলা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরে অংশ নেন অভিযুক্ত এএসআই। প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে, তিনি ওই পথসভায় ইসলামী সংগীত পরিবেশন করেন এবং বক্তব্য দেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত এএসআই মহিবুল্লাহ বর্তমানে যশোর জেলায় কর্মরত থাকলেও তিনি ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটিতে ছিলেন। ছুটিকালীন সময়ে নিজ জেলা নড়াইল অবস্থান না করে পুলিশের পোশাক পরে ভিন্ন জেলা সাতক্ষীরায় গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া পুলিশের পেশাদারিত্ব ও শৃঙ্খলার পরিপন্থী। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত পুলিশ সদস্য নিজেই স্বীকার করেন যে তিনি উক্ত পথসভায় উপস্থিত হয়ে ইসলামী সংগীত পরিবেশন ও বক্তব্য দিয়েছেন। বিষয়টি খুলনা রেঞ্জের ডিআইজি ও যশোরের পুলিশ সুপারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। পরবর্তীতে এএসআই মহিবুল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, এর আগে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক পুলিশ সদস্য জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় গান পরিবেশন করছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।