জাতীয়

জামায়াত ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে: মির্জা আব্বাস

  স্টাফ রিপোর্টার | ৪ নভেম্বর ২০২৫, ঢাকা ৪ নভেম্বর ২০২৫ , ৪:১১:৩১ প্রিন্ট সংস্করণ

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অনেকেই দেশপ্রেমিক দলকে ভোট দেবেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর উদ্দেশে মির্জা আব্বাস বলেন,

“যারা বাংলাদেশকে চায়নি, তারা আবার দেশের শাসনভার চায় কীভাবে? ধর্মের নামে জাতিকে বিভক্ত করছে তারা। স্বৈরাচারকে পুনর্বাসন করতে চাইছে। তারা ভাবছে, আওয়ামী লীগের ভোট তারা পাবেন—কিন্তু সব আওয়ামী লীগ দেশপ্রেমিক দলকে ভোট দেবে।”

তিনি আরও বলেন, “দেশে এমন একটা অবস্থা চলছে, যেখানে কার দেশ কে চালায়, তা স্পষ্ট নয়। মালিক নেই, সবাই শুধু সংস্কার সংস্কার করে—কী সংস্কার করলেন বুঝলাম না! বেকার সমস্যা বাড়ছে, মানুষের চাপ বেড়েছে ঢাকায়, ফুটপাতে দোকান বাড়ছে—সেই দিকে সরকারের লক্ষ্য নেই।”

বর্তমান সরকার দুটি দলের ওপর নির্ভর করছে দাবি করে মির্জা আব্বাস বলেন,“একটা নিজের সৃষ্টি, আরেকটা পুরনো দল। ওরা যা বলে তাই করে, জনভিত্তি কোথায় তাদের? প্রতীকের ব্যাপারেও ওদের কথাই মানা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যেকোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”

মনোনয়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “সুন্দর মনোনয়ন হয়েছে। অনেকে কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তারেক রহমান ভেবেচিন্তে কাজ করেছেন। এখন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে জয়ী করতে হবে।”

আরও খবর

Sponsered content