রাঙামাটির নানিয়ারচর উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তাকে গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালের নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মৃত শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।
নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃঞ্চলাল দেবনাথ জানান, সকালে স্কুলে যাওয়ার সময় নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ নামক স্থানে পৌঁছে সহকর্মীদের জন্য অপেক্ষা করছিলেন শতাব্দী। তবে তাদের পৌঁছাতে বেশি সময় লাগায় তিনি পাশের একটি জাম গাছে ফল পাড়তে উঠেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান এবং তার হাত পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, সকাল ৯টার দিকে শতাব্দী চাকমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।