জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। মনোনয়ন চূড়ান্ত হলে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন ৬১ বছর বয়সী আইগনার। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
রোববার নিজের দল মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস।
আইগনার বর্তমানে বাভারিয়া রাজ্যের পার্লামেন্টের স্পিকার। তিনি সিডিইউর সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তার মনোনয়ন অনুমোদিত হলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোকে প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থী বেছে নিতে হয়। দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। এসপিডি আগেও প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে।
জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন নামের একটি বিশেষ নির্বাচকমণ্ডলী। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই সম্মেলন আহ্বান করা হয়। আগামী ৩০ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচনের কথা রয়েছে।
সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৭ সালের মার্চে তার দুই মেয়াদের পাঁচ বছর করে মোট ১০ বছরের সাংবিধানিক সীমা শেষ হবে।
জার্মানির প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক। তিনি আইনে স্বাক্ষর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করার সুযোগ রয়েছে প্রেসিডেন্টের।
চলতি বছরের শুরুতেই সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে বিকল্প প্রার্থী বিবেচনা করতে গিয়ে মের্ৎস তখন তার প্রতি সমর্থন জানানো থেকে বিরত ছিলেন। এতে সিডিইউ ও সিএসইউর মধ্যে সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়।
৬১ বছর বয়সী আইগনার স্থানীয় রাজনীতির মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি জার্মানির ফেডারেল পার্লামেন্টে নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এবার দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে তার নাম সামনে এসেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।