
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যান জিএম কাদেরকে ৫০ হাজার ভোটের ব্যবধানে হারানোর ঘোষণা দিয়েছেন এটিএম রাকিবুল বাসার । তিনি বলেন , ‘দীর্ঘ ৪৩ বছর ধরে আওয়ামী লীগের হারানো এই আসনটি পুনরুদ্ধার করে ইতিহাস সৃষ্টি করতে চাই।’
তবে আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থীর ঘোষণা আমলে নিচ্ছেন না জাতীয় পার্টির রংপুরের শীর্ষ নেতারা। তারা বলছেন, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ছিলেন লুৎফা ডালিয়া। তিনি জাতীয় পার্টির প্রার্থী মোস্তফিজার রহমান মোস্তফার কাছে শোচনীয়ভাবে হেরে জামানত হারিয়েছেন।
এ ব্যাপারে শনিবার এটিএম রাকিবুল বাসার বলেন, ‘রংপুর একসময় জাতীয় পার্টির দুর্গ ছিল। কিন্তু গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, তার প্রতিফলন হিসেবে এবার নৌকাকে জয়ী করবে এখানকার মানুষ। রংপুরে বিশ্ববিদ্যালয় স্থাপন, পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা, মেরিন একাডেমি স্থাপন, সিটি করপোরেশনসহ এমন কোনও সেক্টর নেই; যেখানে উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী নিজেই রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। ফলে জাতীয় পার্টির দুর্গে ফাটল ধরেছে। তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।’
এই আসনে আমি প্রার্থী হবার পর থেকে সর্বস্তরের মানুষের উচ্ছ্বাস দেখছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি উল্লেখ করে এটিএম রাকিবুল বাসার বলেন, ‘মানুষের সাড়া দেখে উপলব্ধি করতে পারছি, কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদেরকে পরাজিত করতে পারবো।’
তিনি বলেন , ‘ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। জিএম কাদেরকে পরাজিত করার ওপেন চ্যালেঞ্জ দিলাম। জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।’
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘রাকিবুল বাসারের পায়ের তলায় মাটি আছে কিনা সন্দেহ আছে। তিনি হারাবেন জাপা চেয়ারম্যানকে—অসম্ভব। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি ছিল, আছে এবং থাকবে। বিপুল ভোটে জয়ী হবেন আমাদের চেয়ারম্যান।’
এবার রওশন এরশাদপন্থি দুই সংসদ সদস্য রংপুরে জাতীয় পার্টির মনোনয়ন পাননি। এর মধ্যে রংপুর-৩ আসনে রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদকে মনোনয়ন না দিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের নিজেই লড়ছেন। অন্যদিকে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে মনোনয়ন পাননি দলের বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। এই আসনে জিএম কাদেরের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার মনোনয়ন পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।