‘কাগজে-কলমে আপনাকে যেভাবে দেখেছি, আপনি তো মরণকে ভয় পান না’—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এমন মন্তব্যের জবাবে ‘আমি মরণকে ভয় পাই না’ বলে জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে ডায়াসের কাছে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
এদিন রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। জিয়াউল আহসানও এ মামলার অন্যতম আসামি। ট্রাইব্যুনাল-১-এ চলমান অপর একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিচ্ছিলেন তিনি। তবে ট্রাইব্যুনাল-২-এর কোনো আদেশ না থাকায় আজ তাকে সশরীরে হাজির করা হয়।
এরই ধারাবাহিকতায় হাজিরা দেওয়ার বিষয়ে জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। শুনানি শেষে আইনজীবী নাজনীন নাহারের বক্তব্যও শোনেন ট্রাইব্যুনাল। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু বলতে চাইলে জিয়াউল আহসানকে ডেকে বিচারকদের সামনে ডায়াসের কাছে নেওয়া হয়।
তখন জিয়াউল আহসান বলেন, ‘আমরা কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন ছিলাম না। অন্য একটি মামলায় আসামিদের সঙ্গে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ৫৪ বার আনা হয়েছিল। তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ একা আনা শুরু করা হয়।’
এ সময় জিয়াউল আহসানকে উদ্দেশ করে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনিই জিয়াউল আহসান। কাগজে-কলমে আপনাকে যেভাবে দেখেছি, আপনি তো মরণকে ভয় পান না।’ জবাবে জিয়াউল আহসান বলেন, ‘আমি মরণকে ভয় পাই না।’
তখন ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি আমাদের ওপর ভরসা রাখুন।’ জবাবে জিয়াউল আহসান বলেন, ‘ভার্চুয়ালি হোক কিংবা সরাসরি, যেভাবেই হাজির করা হোক, আমার কোনো আপত্তি নেই।’
এরপর স্বাভাবিক নিয়মে জিয়াউল আহসানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার মৌখিক আদেশ দেন ট্রাইব্যুনাল।
এদিকে, জিয়াউল আহসানের আচরণের কারণে শাপলা চত্বর গণহত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হতে দেরি হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রথমে কারাগার থেকে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান জিয়াউল আহসান। এ নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। পরে বিশেষ নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে আনা হলেও হাতকড়া পরতে অস্বীকৃতি জানান এবং পুলিশ সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।
আমিনুল ইসলাম বলেন, কখনো খাবার খাওয়া, আবার কখনো ওয়াশরুমে যাওয়ার কথা বলে নানা অজুহাত তৈরি করেন জিয়াউল আহসান। এসব কারণে সকাল থেকে অপেক্ষা করতে করতে দুপুর ২টার দিকে শুনানি শুরু করা সম্ভব হয়।
চিফ প্রসিকিউটর আরও বলেন, জিয়াউল আহসান একেক সময় একেক ধরনের আচরণ করেন। অন্য আসামিদের সঙ্গে প্রিজনভ্যানে আসার দাবি জানালেও তিনি কারাগার থেকে আসতে চান না। তার এমন আচরণে অন্য আসামিদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
জিয়াউল আহসানের হাজিরার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যে প্রক্রিয়ায় প্রয়োজন, সেভাবেই তাকে ট্রাইব্যুনালে হাজির করবে। তবে তিনি হাজির না হলে ভার্চুয়ালি শুনানি হবে। জিয়াউল আহসানের এমন আচরণ ভবিষ্যতে আর সহ্য করা হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।