প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
জ্বালানির নতুন চালান না আসা পর্যন্ত বাড়তি দাম নয়—সাতক্ষীরার জেলা প্রশাসক

সাতক্ষীরার সব ফিলিং স্টেশনে মজুদ থাকা জ্বালানি তেল পুরোনো নির্ধারিত মূল্যেই বিক্রি করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি জানিয়েছেন, ডিপো থেকে নতুন সরবরাহ না আসা পর্যন্ত বাড়তি দামে জ্বালানি বিক্রি করা যাবে না।
জেলা প্রশাসকের কার্যালয়ের দৈনিক জ্বালানি প্রতিবেদন অনুযায়ী, জেলার ২৯টি ফিলিং স্টেশনে বর্তমানে প্রায় ১ লাখ ১ হাজার ৪৩২ লিটার ডিজেল, ৫৪ হাজার ৪৮৫ লিটার পেট্রোল এবং ২২ হাজার ৬৮৩ লিটার অকটেন মজুদ রয়েছে।
জেলা প্রশাসক বলেন, সরকার ঘোষিত নতুন জ্বালানি মূল্য রবিবার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হলেও তা শুধুমাত্র নতুন সরবরাহকৃত তেলের ক্ষেত্রে প্রযোজ্য। এর আগে ডিপো থেকে সরবরাহ হয়ে পাম্পে থাকা জ্বালানি অবশ্যই আগের দামেই বিক্রি করতে হবে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে। নতুন চালান পাওয়ার পরই কেবল নতুন দামে বিক্রি শুরু করা যাবে।
উল্লেখ্য, সরকার সম্প্রতি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। নতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com