
যশোরের ঝিকরগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন, কামরুজ্জামান, স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল মতিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সাফফাত আরা সাঈদ বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছার বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনের আওতায় উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও টিকাদান কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।