যশোরের ঝিকরগাছায় যশোর জেলা পশ্চিম ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের লাউজানী কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা পশ্চিম ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন ঢাকা মেডিকেল কলেজ শিবিরের সাবেক সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার জন্য প্রস্তুত হও।” পরে তিনি সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
যশোর জেলা পশ্চিম শিবিরের সেক্রেটারি খালিদ ইবনে খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক জেলা সভাপতি অধ্যাপক আহসানুল কবির ও জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফেজ মেহেদী হাসান।
অনুষ্ঠানে পশ্চিম শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
