
যশোরের ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর সদরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও জরিমানা দেওয়া হয়েছে এবং অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃতরা হলেন— পৌর সদরের মোবারকপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরমান (২৯) এবং পুরন্দরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাকিব (১৮)।
সূত্রে জানা যায়, পৌর সদরের বাজারের আটাপট্টিতে দীর্ঘদিনের পুরোনো ব্যবসায়ী শহিদুল ইসলামের মালিকানাধীন ‘আরমান স্টোর’ নামে একটি মুদি ও শিশুখাদ্যের দোকান রয়েছে। অসুস্থতার কারণে বর্তমানে দোকানটি পরিচালনা করছিলেন তার বড় ছেলে আরমান। অভিযোগ রয়েছে, এই সুযোগে আরমান মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি থানায় জানানো হলে থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলমের নির্দেশনায় এসআই (নিঃ) আজিজুর রহমান আজিজ ও এসআই (নিঃ) মারুফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আরমান স্টোরের গোডাউন থেকে ১০ পিস ইয়াবা, ৫০০ এমএল দেশি মদ ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আরমান (২৯) ও রাকিব (১৮)-কে আটক করা হয়।
পরবর্তীতে রাকিবের বয়স কম হওয়ায় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা করেন।
অপর আসামি আরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম বলেন, “আরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং রাকিবকে ইউএনও স্যারের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও জরিমানা দেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।