এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১ জানুয়ারি ২০২৬ , ৮:৪১:২৭ প্রিন্ট সংস্করণ
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাষ্ট্রীয় শোক পালনকালে সকল শিক্ষক কালো ব্যাচ ধারণ করে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ বই বিতরণ অনুষ্ঠানে বলেন,
“নতুন বছরে নতুন প্রজন্ম নতুন বইয়ের ঘ্রাণে ২০২৬ সালকে রঙিন করে তুলবে। বছরের প্রথম দিনেই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নতুন স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে। অভিজ্ঞতায় মূল্যায়ন হবে যোগ্যতায়, প্রতিযোগিতা হবে নিজের সঙ্গে, আর সহযোগিতা সবার সঙ্গে—এই দর্শন নিয়েই তারা এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে আসছে। আশা করি, নতুন বছরেও তারা পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জন করবে।” এ সময় তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাসসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।




















