ঝিনাইদহে একতা যুব উন্নয়ন ক্লাব-এর আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কসংলগ্ন একতা যুব উন্নয়ন ক্লাবের কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পে রোগী দেখা হয়।
মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সেবা প্রদান করেন ডা. রিফাত বিন শরীফ (এমবিবিএস, ঢাকা; সিসিডি-বিআরডিইএম; এমসিজি-বিজিএইচআরআই), মেডিকেল অফিসার, ক্যাম্পাস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার, ঝিনাইদহ। তিনি জ্বর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি, সর্দি, বুকে ব্যথা, গ্যাস্ট্রিক, পেটব্যথা, বদহজম, কিডনি ও প্রস্রাবজনিত রোগের চিকিৎসা ও পরামর্শ দেন। এ সময় তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন রেজিস্টার্ড নার্স ফাহিদুল ইসলাম।
এর আগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি নাজমুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুমন হোসেন, মামুন হোসেন, নাজির হোসেন, এরশাদ বিশ্বাস, মাসুম হোসেন, সোহানুর রহমান, শাকিল হোসেন, বিপ্লব শেখ, সুলতান শেখ, আজিম হোসেন, তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোপিনাথপুর, ভেন্নাতলা, মথুরাপুর, লক্ষীকোল, বাড়ীবাথানসহ আশপাশের বিভিন্ন গ্রাম ও পাড়ামহল্লা থেকে আগত অসুস্থ মানুষ মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একতা যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক সালাম হোসেন।
স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত, অন্তত মাসে একবার আয়োজন করা হলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।