ঝিনাইদহে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রমীলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ জেলা শহরের ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু, ছাত্র প্রতিনিধি, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও দর্শনার্থীরা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয় মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা।
এদিকে একই দিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫–২০২৬-এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ২১টি সেশনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন বালক ফুটবলার অংশগ্রহণ করছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।