তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১৩ অক্টোবর ২০২৬ , ৬:৩৫:৩২ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পত্রিকাটির ঝিনাইদহ জেলা প্রতিনিধি বসির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। আলোচনা সভায় সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের অধিকার ও প্রত্যাশা তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জ্যেষ্ঠ সাংবাদিক ও এটিএন বাংলার প্রতিনিধি নিজাম জোরদার বাবলু, একুশে টেলিভিশনের এম রায়হান, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, এসএ টিভির ফয়সল আহমেদ, চ্যানেল ২৪-এর সাদ্দাম হোসেন, সদর থানার ওসি (তদন্ত) ব্রজেন কুমার, জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা রিন্টু মিয়া, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান জিকু, দৈনিক কালবেলার শেখ ইমন, সবুজ বাংলা টিভির সুলতান আল এনাম, দৈনিক আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি সালাম হোসেন এবং দৈনিক মতপ্রকাশের স্টাফ রিপোর্টার ইফাজ তানভীর মিন্টু। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি।
তাঁরা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উন্নয়ন এবং জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক রানার সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে পাঠকদের কাছে নিজেদের অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দৈনিক রানার পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা হয়।















