ঝিনাইদহে মহাধুমধামে উদযাপন করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ সংঘের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৭ অক্টোবর ২০২৪) বিকেল থেকে রাত পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বর্ষা পাম্প এলাকার আখ সেন্টার মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মানবসেবার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনটির প্রতিষ্ঠাতা সজিব হোসেন আনুষ্ঠানিকভাবে বর্ষপূর্তির উদ্বোধন ঘোষণা করেন। এরপর শুরু হয় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা, আর সন্ধ্যার পর আয়োজন করা হয় মনোমুগ্ধকর কাওয়ালী গানের আসর।
কাওয়ালী গানে অংশ নেন ঝিনাইদহের খ্যাতনামা কাওয়ালী গোষ্ঠী কাফেলাসহ একাধিক সংগীত দল। অনুষ্ঠানস্থলে মানব কল্যাণ সংঘের পাশাপাশি ১৪টি স্বেচ্ছাসেবক ও সমাজসেবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা নিজেদের প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম ও শিক্ষামূলক উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ঝিনাইদহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন সমাজসেবক জহির রায়হান, স্থানীয় বিএনপি নেতা সোহেলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সংগঠনটির প্রতিষ্ঠাতা সজিব হোসেনকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও মানব কল্যাণ সংঘের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে পুরস্কার বিতরণ ও ভোজের আয়োজন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠাতা সজিব হোসেন বলেন,“গত চার বছরে মানব কল্যাণ সংঘের মাধ্যমে এলাকার অসহায়, গরিব ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। প্রায় পাঁচ লাখ টাকার সহায়তায় ৬টি পরিবারকে স্বাবলম্বী করা হয়েছে এবং শতাধিক পরিবারকে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, অসুস্থদের চিকিৎসা, রক্তদান এবং দরিদ্রদের খাবার সরবরাহের কাজ অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, সংগঠনের বর্তমান সদস্য সংখ্যা প্রায় আড়াই শতাধিক এবং সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। সমাজের স্বচ্ছল ও স্বহৃদয়বান ব্যক্তিদের মানবসেবায় অংশ নিতে আহ্বান জানিয়ে তিনি যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৭১১-৭৪৯০২০ দেন।
উল্লেখ্য, মানব কল্যাণ সংঘের এই দিনব্যাপী আয়োজনের স্পন্সর ছিলেন দেশের বিশিষ্ট কোম্পানি পেট্রা প্রোডাক্ট।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।