সারাদেশ

ঝিনাইদহে বিজ্ঞান মেলায় আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্য

  মোঃ রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ৯ এপ্রিল ২০২৬ , ১২:০৫:৫১ প্রিন্ট সংস্করণ


ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলায় মাধ্যমিক পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়।

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী আয়োজিত মেলায় নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে এ সাফল্য অর্জন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) উৎসবমুখর পরিবেশে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

পুরস্কার গ্রহণকালে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সৃজনশীল ও বাস্তবমুখী প্রকল্প বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক (টিটু) বলেন, শিক্ষার্থীদের আন্তরিক পরিশ্রম ও বিজ্ঞানের প্রতি আগ্রহই এই সাফল্যের মূল কারণ। ভবিষ্যতেও তারা আরও বড় পরিসরে সাফল্য অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো।

আরও খবর

Sponsered content