
ঝিনাইদহে নির্ধারিত সময়ের আগেই বাড়তি দামে অটোগ্যাস বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগকারী গ্রাহককে জরিমানার ২৫ শতাংশ অর্থ প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এ জরিমানা করেন।
জানা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ২ এপ্রিল অটোগ্যাসের মূল্য লিটারপ্রতি ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করে, যা সেদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই সদর উপজেলার বিশমাইল এলাকার বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন বাড়তি দামে গ্যাস বিক্রি করে।
এ ঘটনায় ৫ এপ্রিল সোহাগ নামে এক গ্রাহক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সেই অভিযোগের শুনানি শেষে অভিযুক্ত স্টেশনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ২৫ শতাংশ অর্থাৎ ১ হাজার ২৫০ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়।
অভিযোগকারী সোহাগ জানান, “আমার কাছ থেকে ২ হাজার টাকার গ্যাসে ৪৫০ টাকা বেশি নেওয়া হয়েছিল। প্রমাণসহ অভিযোগ করায় আমি প্রণোদনা পেয়েছি।”
এ বিষয়ে সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, অনিয়ম প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।