ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব–৬। রবিবার (৩০ নভেম্বর) রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ আজমেরী হোটেলসংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব–৬–এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন—মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের ফরহাদের ছেলে রিয়ন এবং একই উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত নজরুল শেখের ছেলে জনি শেখ।
র্যাব–৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ এলাকায় অভিযান চালিয়ে সম্প্রতি মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এলাকায় সংঘটিত সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ওই দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাতের দিকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুরে এনএন পাম্পের পাশে জীবননগর–কালীগঞ্জ পাকা সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় একটি মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “র্যাব–৬ দুই আসামিকে আটক করেছে। আমাদের থানার একটি টিম ইতিমধ্যে রাজবাড়ীর উদ্দেশে রওনা হয়েছে। হস্তান্তর প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হবে।”
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য উদঘাটনের লক্ষ্যে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।