তাপস কুণ্ডু , ঝিনাইদহ ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:২৬:৫৬ প্রিন্ট সংস্করণ
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহে ৫৮৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল পাঠানো হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে জেলার ছয়টি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।
পুলিশি নিরাপত্তায় ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল-মার্কারসহ অন্যান্য সামগ্রী প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ঝিনাইদহ জেলায় চারটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র ৫৮৮টি। এর মধ্যে ২৩৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন। চারটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ জানান, ভোটগ্রহণ নিরাপদ ও সুষ্ঠু করতে প্রায় ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছেন ৭ হাজার ৬৪৪ জন আনসার সদস্য, ১ হাজার ৬৪৪ জন বাংলাদেশ পুলিশ সদস্য, ১ হাজার ২৯ জন সেনাসদস্য, র্যাবের ৪৮ জন এবং বিজিবির ২২২ জন সদস্য। এছাড়া ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।




















