সারাদেশ

ঝিনাইদহ-৪ আসনের চাকুলিয়া কেন্দ্রে টিপ সই কেলেঙ্কারি, সহকারী প্রিসাইডিং অফিসার অব্যাহতি

  তাপস কুণ্ডু, ঝিনাইদহ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫২:২৮ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটের মুড়ি বইয়ে একাধিক টিপ সই নেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসার—সম্মিলনি দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনার জেরে কেন্দ্রটির পুরুষ বুথে প্রায় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিমা ইসলাম কেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ভোটগ্রহণ শুরু করেন। এই কেন্দ্রে ৪টি গ্রামের মোট ৩ হাজার ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মঞ্জুরুল আলম।

ভোটার রসুল আমিন অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে সহকারী প্রিসাইডিং অফিসার ব্যালট দেওয়ার সময় ৪/৫টি ব্যালটের মুড়ি বইয়ে টিপ সই করিয়ে নেন। এতে তার সন্দেহ হলে তিনি বিষয়টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে জানান। তার দাবি, এর আগেও আরও ২/৩ জনের কাছ থেকে একইভাবে টিপ সই নেওয়া হয়েছে। তিনি অভিযুক্ত কর্মকর্তার প্রত্যাহার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রিসাইডিং অফিসার মঞ্জুরুল আলম বলেন, “প্রায় ২০ মিনিট পুরুষ বুথের ভোট বন্ধ ছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিমা ইসলাম জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী ওই প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘিরে কেন্দ্রে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

আরও খবর

Sponsered content