গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত কনস্টেবল রাহাত। এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর পুলিশ বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পথচারীদের দেহ তল্লাশি চালায়। শনিবার রাতে টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকায় কনস্টেবল রাহাত অবস্থান করছিলেন। এ সময় একদল মাদক কারবারি তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, মাদকের স্পটগুলোতে পুলিশ দলবদ্ধভাবে অভিযান চালালেও মাঝে মাঝে সাদা পোশাকে এক বা একাধিক ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের দেহ তল্লাশি করে। বেআইনি কিছু না পেলে তাদের সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। ফলে ছিনতাইকারী ও মাদকাসক্তদের পাশাপাশি সাদা পোশাকধারী কিছু চিহ্নিত ব্যক্তিও স্থানীয়দের মধ্যে আতঙ্কের কারণ হয়ে উঠেছে।
জানা গেছে, কনস্টেবল রাহাত টঙ্গী পূর্ব থানায় কর্মরত থাকলেও তিনি টঙ্গী পশ্চিম থানা এলাকায় বেশি যাতায়াত করতেন। তার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে বিভিন্ন অভিযোগও রয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের মধ্যেও তার প্রতি ক্ষোভ ছিল বলে জানা গেছে। এ ক্ষোভের জের ধরেই তার ওপর হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মো. তুহীন জানান, কনস্টেবল রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।