গাজীপুরের টঙ্গীতে মৃত সন্তান প্রসবের পর নবজাতক কন্যাকে চারতলা ভবনের জানালা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর ৫৪ নম্বর ওয়ার্ডের আউচপাড়া কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নবজাতকের মা রিভা আক্তারকে (২৮) আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ভোরে রিভা আক্তার একটি মৃত কন্যা সন্তান প্রসব করেন। পরে তাঁর বাসার রান্নাঘরের জানালা দিয়ে নবজাতকের মরদেহ নিচে ফেলে দেওয়া হয়। নিচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে মৃত নবজাতকের মরদেহ স্বাভাবিকভাবে দাফন না করে জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, “মৃত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।