ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর বাটাগেট এলাকার ফ্লাইওভারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান বরিশালের বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ফ্লাইওভারের সিঁড়িতে ছিনতাইয়ের শিকার হন সিদ্দিকুর রহমান। এ সময় ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আশপাশের কেউ সাহায্যে এগিয়ে না এলে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শরীরে একাধিক রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।