মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ২৮ নভেম্বর ২০২৫ , ৬:৫৪:১০ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজের সময় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত মুসল্লির নাম চাঁন মিয়া (৬০)। তাঁর পিতা মৃত মজিবুর রহমান। স্থায়ী ঠিকানা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বগারপাড় গ্রামে। চাকরির সুবাদে তিনি নারায়ণগঞ্জের রঘুনাথপুর এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।
জানা গেছে, জুমার নামাজ চলাকালে হঠাৎ চাঁন মিয়া অসুস্থ হয়ে স্ট্রোকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁর সাথীরা তাকে ইজতেমা ময়দানের পাশের অস্থায়ী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ইজতেমা ময়দানে আরেক মুসল্লি মো. নুর আলম (৮০) ইন্তেকাল করেন। তিনি নোয়াখালী সদর উপজেলার আন্ডার চর কাজীর তালুক গ্রামের মৃত সুলতান আহমাদের ছেলে। জোড় ইজতেমায় অংশ নিতে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন নুর আলম। রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে সাথীরা তাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার জুমার নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরা–ই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
এ নিয়ে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দু’জনে।




















