
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানজরপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি দল হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকায় ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপিএ (WFPA) কার্যালয়ের কাঁটাতারের বেড়াসংলগ্ন ইটের সলিং সড়কে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
সংস্থাটি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।