কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ফজু সিকদার (বানুর বাপ) বংশের উদ্যোগে এক বৃহৎ মিলনমেলা, পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বংশের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক বংশধর ও গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিকদার বংশের জ্যেষ্ঠ মুরুব্বী সিরাজুল ইসলাম সিকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “একটি বংশের শক্তি তার ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মধ্যে নিহিত। পূর্বপুরুষদের আদর্শকে ধারণ করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সুসংগঠিত ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ও বংশের প্রবীণ সদস্যরা। তাঁদের মধ্যে জামাল আহমদ জমিদার, নজরুল ইসলাম, দেলওয়ারুল ইসলাম, রশিদ আহমদ (ইঞ্জিনিয়ার), সফিক আহমদ, বশির আহমদ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউসুপ, নাসিরুল ইসলাম সিকদার, সাংবাদিক জাহাঙ্গীর, আনোয়ার, মুফিজসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বংশের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে শিক্ষিত, সুশৃঙ্খল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বংশের সদস্যদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়া পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা শেষে বংশের ঐক্য, সম্প্রীতি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সদস্যদের মধ্যে শুভেচ্ছা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের আয়োজন পারিবারিক ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক বন্ধন সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।