
টেকনাফে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন। তিনি এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত, দৃষ্টান্তমূলক ও স্থায়ী বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্তবর্তী উখিয়া-টেকনাফ এলাকায় দীর্ঘদিন ধরে মানবপাচার, অপহরণ, মাদক ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা ঘটছে। এতে স্থানীয় মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র অপরাধীদের গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। অনেক ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পুনরায় মুক্ত হয়ে একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতি ও অনিরাপত্তা আরও বাড়ছে।
নুরুল হোসাইন আরও বলেন, মানবপাচার ও অপহরণের মতো জঘন্য অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত তদন্ত, সুষ্ঠু বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। অপরাধীদের পরিচয়, প্রভাব বা অবস্থান বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে এবং এসব অপরাধের মূলহোতাদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, সচেতনতা বৃদ্ধি, তথ্যভিত্তিক অভিযান এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে টেকনাফকে মানবপাচার ও অপহরণমুক্ত করা সম্ভব।
তিনি বলেন, “অপরাধী যে-ই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। জনগণের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়ভিত্তিক বিচার প্রতিষ্ঠা সময়ের দাবি।”
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবপাচার ও অপহরণ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর বিচার নিশ্চিত করে এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।