
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী পৃথক অভিযানে ১ লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) একটি প্রাইভেট কার ও একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে ১৮ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে; নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ১০ হাজার ইয়াবা, তবে নৌকায় থাকা দুজন পালিয়ে গেছেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে টেকনাফের শাপলা চত্বর এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। সকাল সাড়ে ৬টার দিকে একটি সাদা প্রাইভেট কার সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে পেছনের সিটে লুকানো ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক মো. ইয়াসিনকে (৪১) আটক করা হয়।
একই দিন সকালে নাফ নদীসংলগ্ন ১ নম্বর স্লুইস গেট এলাকায় ইয়াবার চালান প্রবেশের খবরে বিশেষ টহল জোরদার করে বিজিবি। সকাল সাড়ে ১০টার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় দুজনকে নদীপথে দেশে ঢুকতে দেখা যায়। বিজিবি সদস্যরা ধাওয়া করলে তাঁরা নৌকা ও মালামাল ফেলে পাশের কেওড়াবাগানে পালিয়ে যান।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া দুজন হলেন ইমরান ও ইয়াসের (২৪)। তাঁদের আটকে অভিযান চলছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে; নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা, প্রাইভেট কার, নৌকা ও মোবাইল ফোনসহ জব্দ মালামাল এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।