
সাগরপথে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে নারী ও শিশুসহ ৭২ জনকে ট্রলারে তুলে ছয় দিন গভীর সমুদ্রে ঘোরানোর পর কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার পুলিশ তাঁদের উদ্ধার করে পরিচয় শনাক্ত ও পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। বাকি যাত্রীদের অবস্থান জানতেও তৎপরতা চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে টেকনাফ থেকে ৭২ জনকে একটি ট্রলারে তোলা হয়। এরপর প্রায় ছয় দিন গভীর সমুদ্রে ঘোরানোর পর কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়া নেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ নেওয়া হয়েছে। তবে অর্থ লেনদেন, পাচারকারী চক্রের সদস্য ও ট্রলারের মালিকানা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে টেকনাফসহ বিভিন্ন এলাকার যেসব পরিবারের সদস্য মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছেন, তাঁদের পরিচয় শনাক্তে কক্সবাজার সদর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।