
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনার খসড়া নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর মতে, এটি ভবিষ্যতের কোনো চুক্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে। রাশিয়া ‘গুরুত্বপূর্ণ’ আলোচনার জন্য প্রস্তুত আছে বলেও উল্লেখ করেছেন তিনি। গতকাল রাশিয়ার রাজধানী মস্কোয় ইউরোপীয় নেতাদের সম্মেলনের আগে তিনি এই কথা বলেন।
পুতিন স্বীকার করেছেন, আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র রাশিয়ার অবস্থানকে বিবেচনায় নিয়েছে। তবে তিনি বলেন, কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি আছে। খসড়া পরিকল্পনাটির বিষয়ে পুতিন বলেন, ‘সাধারণভাবে আমরা একমত যে এটি ভবিষ্যৎ চুক্তিগুলোর ভিত্তি হতে পারে।’
আরও আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ শিগগিরই মস্কো সফর করবেন বলেও উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন দনবাস ও ক্রিমিয়া অঞ্চলের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের ২৮ দফা শান্তি পরিকল্পনার খসড়া ফাঁস হয়ে যায়। প্রস্তাবটি কার্যকর হলে রাশিয়া বেশি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। এতে ইউক্রেনকে রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ ছাড়তে বলা হয়েছে। এ ছাড়া দেশটিকে ন্যাটোতে যোগদানের আকাক্সক্ষা বাদ দিতে বলা হয়েছে।
পরে ইউক্রেনের সঙ্গে আলাপের ভিত্তিতে পরিকল্পনায় কিছু পরিবর্তন আনা হয়েছে। ইউক্রেনের মুখ্য উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎস্যা বলেন, সংশোধিত সংস্করণে ইউক্রেনের সেনাবাহিনীতে ছয় লাখ সদস্যের সীমারেখা তুলে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার বিষয়টিও বাতিল করা হয়েছে।
তবে সর্বশেষ প্রস্তাবটির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। পুতিন তার সর্বশেষ মন্তব্যে বলেছেন, এই পরিকল্পনার ক্ষেত্রে উল্লেখ করার মতো কোনো চূড়ান্ত সংস্করণ এখনও নেই।
আপাতদৃষ্টিতে পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আন্তরিক বলে মনে হলেও কিয়েভ যদি গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ছেড়ে না দেয়, তাহলে রাশিয়া প্রায় চার বছর ধরে চলা এ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। এ যুদ্ধে দুপক্ষেরই কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন।
পুতিন বলেন, ‘ইউক্রেনীয় সেনাদের তাদের দখলে থাকা অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে, তাহলেই লড়াই থেমে যাবে। যদি তারা না সরে, তাহলে আমরা সশস্ত্র উপায়ে এটি অর্জন করব। এটাই শেষ কথা।’
পুতিন আরও বলেন, ভবিষ্যতের যে কোনো চুক্তিতে ইউক্রেনকে রাশিয়ার দখল করা অঞ্চলগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কেও তা মেনে নিতে হবে। তিনি আরও বলেন, ইউক্রেনের বর্তমান নেতৃত্বকে তিনি ‘অবৈধ’ মনে করেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।