যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পর রাজনৈতিক কৌশলে পরিবর্তন এনেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির পক্ষে কথা বলার পরিবর্তে নিজের রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে সামনে আনছেন তিনি। এতে ট্রাম্প-পরবর্তী রিপাবলিকান নেতৃত্বে নিজের অবস্থান শক্ত করার ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের রিপাবলিকান সম্মেলনের পর থেকে ভ্যান্সের দেওয়া ছয়টি ভাষণ পর্যালোচনা করে দেখা গেছে, তিনি দলের পক্ষে প্রচারণায় মূলত নিজের নীতিগত অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেছেন। অর্থনৈতিক জাতীয়তাবাদ, সংযত পররাষ্ট্রনীতি এবং জননিরাপত্তার মতো বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছেন তিনি।
অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধ ও অভিবাসীদের বহিষ্কারের মতো ট্রাম্পের গুরুত্বপূর্ণ নীতিগুলো এড়িয়ে গেছেন ভ্যান্স। জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ায় রিপাবলিকান প্রার্থীদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছিল। এমন পরিস্থিতিতে কৌশলগতভাবেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি।
তাদের মতে, ভ্যান্স ও তার উপদেষ্টারা মনে করছেন, অর্থনৈতিক জাতীয়তাবাদ, পররাষ্ট্রনীতিতে সংযম এবং জননিরাপত্তার মতো বিষয়গুলো রাজনৈতিকভাবে বেশ কার্যকর। ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের অংশ হিসেবে এসব নীতি সামনে এলেও বর্তমানে ভ্যান্সই এগুলোর অন্যতম প্রধান প্রবক্তা হয়ে উঠেছেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করেন ৪২ বছর বয়সী এই ভাইস প্রেসিডেন্ট। সেখানে তিনি রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন এবং দ্রুত যুদ্ধ শেষ করার আহ্বান জানান। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় কমানো, পররাষ্ট্রনীতি পুনর্মূল্যায়ন এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে পর্যালোচনার প্রস্তাব দেন।
ট্রাম্প যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগকে ডেমোক্র্যাটদের ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন, সেখানে ভ্যান্স বিষয়টিকে রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের তদবিরের পর ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রকাশ্যেই নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন।
ইরান যুদ্ধের অবসানের পক্ষে ভ্যান্সের অবস্থানকে তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে হোয়াইট হাউস ও ভ্যান্সের যোগাযোগব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তি জানিয়েছেন, তার এই বক্তব্য ট্রাম্পের সঙ্গে সম্পর্কচ্ছেদের কোনো ইঙ্গিত নয়। তাদের দাবি, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস আগেই ওই পোস্ট সম্পর্কে জানতেন।
এদিকে শুক্রবার হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্বে রদবদল করেন ট্রাম্প। সুসি ওয়াইলসকে সরিয়ে স্টিফেন মিলারকে তার স্থলাভিষিক্ত করা হয়। এ পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিগুলো আরও জোরালোভাবে এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্প অবশ্য স্বীকার করেছেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতি হয়েছে। তবে যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই তাঁর। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ভিন্ন কিছু করতাম না।’
রিপাবলিকান কৌশলবিদ ও সাবেক হাউস স্পিকার জন বোহনার এবং পল রায়ানের উপদেষ্টা মাইকেল রিচি মনে করেন, ভ্যান্সের বক্তব্য তাকে ট্রাম্প-পরবর্তী রক্ষণশীল রাজনীতির সম্ভাব্য প্রধান মুখ হিসেবে সামনে নিয়ে এসেছে।
রিচির মতে, ভ্যান্সের বক্তব্যের কারণে রিপাবলিকানদের মধ্যে ইরান যুদ্ধের যৌক্তিকতা এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীদের কোন নীতিগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
তবে ট্রাম্পের কাছ থেকে নিজেকে আলাদা করে উপস্থাপন করা ভ্যান্সের জন্য সহজ হবে না। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে এখনো কিছু জানাননি তিনি। ট্রাম্পও এখন পর্যন্ত তাকে বা অন্য কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেননি। তবে রিপাবলিকান শিবিরে ভ্যান্সকে সম্ভাব্য শীর্ষ প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ডেমোক্র্যাট কৌশলবিদ ইগর ভলস্কির মতে, ২০২৮ সালের নির্বাচনে ভ্যান্স বা অন্য কোনো রিপাবলিকান প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হবে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। কারণ, দলীয় মনোনয়ন পেতে ট্রাম্পের সমর্থন প্রয়োজন হতে পারে, আবার সাধারণ নির্বাচনে জয়ী হতে হলে ট্রাম্পের বিতর্কিত নীতিগুলো থেকে নিজেদের কিছুটা দূরে রাখার প্রয়োজন দেখা দিতে পারে।
তবে মধ্যবর্তী নির্বাচনের পর ভ্যান্সের নিজের রাজনৈতিক অবস্থানও পুরোপুরি অক্ষত থাকেনি। যেসব অঙ্গরাজ্যে তিনি রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন, সেখানেও দলটি পরাজিত হয়েছে। এ ছাড়া ওহাইওর গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর একটি বিজ্ঞাপনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টনের যৌন নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। ভ্যান্স সমর্থিত এমন কিছু প্রচারণা কৌশল উল্টো দলের ক্ষতির কারণ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে রিপাবলিকান নেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত দেখা যাচ্ছে। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে দল যথেষ্ট গুরুত্ব দেয়নি। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের মতে, পরাজিত প্রার্থীরা ট্রান্সজেন্ডার ইস্যুতে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন এবং ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করেছেন।
নির্বাচনের শেষ পর্যায়ের প্রচারণায় ভ্যান্স ভোটারদের রিপাবলিকানদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যসেবা ও দারিদ্র্যবিমোচন কর্মসূচিতে জালিয়াতি তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপাশি অভিবাসননীতি ও জীবনযাত্রার ব্যয়ের বিষয়গুলোও তুলে ধরেছিলেন। তবে ইরান যুদ্ধ ও জ্বালানির দাম নিয়ে খুব কম কথা বলেছেন এবং ট্রাম্পের নামও সচরাচর উল্লেখ করেননি।
বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপের মধ্য দিয়ে ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার ধরে রেখেও নিজের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় তৈরির চেষ্টা করছেন ভ্যান্স। তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সেই কৌশল কতটা কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।