সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

  নিজস্ব প্রতিবেদক: ২১ জুলাই ২০২৬ , ১২:১৪:৫৬ প্রিন্ট সংস্করণ

 

ঠাকুরগাঁওয়ের ফ্রীড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক মাসহুরা বেগম (হুরা)-এর বিরুদ্ধে শিক্ষক নিয়োগ, আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারীদের দাবি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে অর্থ দাবি, হাজিরা সংক্রান্ত অনিয়ম, সরকারি সম্পদের অপব্যবহার এবং সরকারি বরাদ্দের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের ঘটনা ঘটেছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নেই এবং একাধিক বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না।

অভিযোগকারী কয়েকজন শিক্ষক জানান, এসব বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মাসহুরা বেগম (হুরা) বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়।”

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরদার মোস্তফা শাহিন বলেন, “প্রধান শিক্ষকের বিরুদ্ধে কয়েকটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলোর সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content