ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীনদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সেবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোহাম্মদ মুশফিকুর রহিম। তিনি নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। এ ছাড়া ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে নবীনদের অভিনন্দন জানান। এতে স্বাগত বক্তব্য দেন অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্স-এর উপদেষ্টা অধ্যাপক ড. এ.বি.এম. কামাল পাশা।
ওরিয়েন্টেশনের বিশেষ আকর্ষণে ছিল সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে সিএসই, জেএমসি, বিজনেসব অ্যাডমিনিস্ট্রেশন ও ইইই বিভাগের সফল অ্যালামনাইরা নবীনদের সাথে তাঁদের শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা, ফটোশুট ও বিভিন্ন বুথ পরিদর্শনের পর বিকেলে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই আয়োজন নবীনদের নতুন পরিবেশে মানিয়ে নিতে এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।