ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক মো. ফয়সাল এবং সুকুমার হালদার।
গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুজনকে ধরে পুলিশে দেয় জনতা।
সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান পরদিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধীসহ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওইদিন তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
গত ১১ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, ‘রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরি। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেন। পরে আদালত আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।’
এর আগে গত শনিবার এ মামলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাত ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় ২ জনকে আটক করা হয়। তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।