ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে তীব্র যানজট চলছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানায়, গভীর রাতে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুটি যানবাহনের দুর্ঘটনার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে থানা-পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি বাসের চালক মো. মাইনউদ্দিন বলেন, ঢাকা থেকে ভোরে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়ে দাউদকান্দির হাসানপুর এলাকায় যানজটে আটকা পড়েন। যানজট ঠেলতে ঠেলতে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ছয় কিলোমিটার পাড়ি দিয়েছেন।
বরকোটা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী আমিনা রহমান ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. নাইম বলেন, তাদের কেন্দ্র ১০ কিলোমিটার দূরে ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে। সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের গৌরীপুর এলাকায় পৌঁছে যানজট দেখে যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন তারা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, যানজট নিরসনে মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে হাইওয়ে থানা-পুলিশ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।