
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জ্বালাময়ী জালালকে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বাগ্বিতণ্ডার জেরে জালাল রুমে ঢুকে রবিউল হককে ছুরিকাঘাত করেন। আহত রবিউল বলেন,
“রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালান ও শব্দ করতে থাকে। আমি আপত্তি জানালে তিনি আমাকে বহিরাগত বলেই গালিগালাজ করেন এবং ছুরি দিয়ে আঘাত করেন। পরে আমি কোনোমতে আত্মরক্ষা করি।”
ঘটনার পরপরই রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম ঘোষণা দেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে রমনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “এ ঘটনায় জালাল আহমদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আসন্ন ডাকসু নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।”
এদিকে ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জালাল আহমদকে পুলিশে সোপর্দ করেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।