রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। গতকাল রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
পরীমণি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের দাবি করেন। ফেসবুক লাইভে তিনি বলেন, ‘কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করব।
বলা দরকার, গুলশানের শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে চলা একটি অনুষ্ঠানের শেষ দিন ছিল গতকাল রোববার। পরীমণি জানান, অনুষ্ঠানে তার পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি।
তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন ব্যক্তি আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। ঘটনাটিকে পরিকল্পিত বলেও দাবি করেন এই চিত্রনায়িকা।
ফেসবুক লাইভে পরীমণি বলেন, ‘পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুলল। অ্যাটাকিং মোডে আওয়াজ তুলল।’
অনুষ্ঠানে আরও শিল্পী উপস্থিত ছিলেন উল্লেখ করে পরীমণি বলেন, কারও কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। কিন্তু অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন।
লাইভে তিনি আরও বলেন, গুলশান থানা পুলিশ এখানে থাকার পরও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।
ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমণি তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। একই সঙ্গে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন করেন তিনি।
শুটিং ক্লাবে স্টল ভাঙচুরের অভিযোগও করেন এই অভিনেত্রী। তার প্রশ্ন, এসব ভাঙচুরের দায় কে নেবে? কারও সঙ্গে ব্যক্তিগত ক্ষোভ থাকলে আলোচনার মাধ্যমে তা মীমাংসার আহ্বান জানান তিনি।
এদিকে, ঘটনার বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, একটা সমস্যা হয়েছিল। পরীমণি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।