জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৩টার পর রাজধানীর নয়াপল্টন থেকে এ শোভাযাত্রা শুরু হয়। নেতাকর্মীদের ঢল নামা এ শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শোভাযাত্রায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ কেন্দ্রীয় অনেক নেতাই অংশ নিয়েছেন।
এ ছাড়া শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা জাতীয় ও দলীয় পতাকা,ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নিয়েছেন শোভাযাত্রায়। এ ছাড়া তাদের অনেকের বাদ্যযন্ত্র নিয়েও শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
শোভাযাত্রায় বিএনপি নেতাকর্মীদের ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে, তারেক রহমান লড়বে’ এবং ‘ফ্যাসিস্টদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছাবে। এরপর বাংলামোটর, কারওয়ান বাজার হয়ে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে এবার ব্যাপক পরিসরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি নিয়েছে বিএনপি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।