বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর। তার সঙ্গে থাকছেন মেয়ে জাইমা রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
তিনি জানান, ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে থাকবেন তার মেয়ে জাইমা রহমান।
উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। ওই মাসের ১১ তারিখে লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় তাকে উন্নত চিকিৎসায় লন্ডন নিতে গত ৫ ডিসেম্বর দেশে আসেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তবে শারীরিক অবস্থার কারণে সাবেক প্রধানমন্ত্রীকে লন্ডন নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ডা, জুবাইদা রহমান বর্তমানে দেশে অবস্থান করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তত্বাবধান করছেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অফিস করবেন তিনি।
তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং সদস্যসচিব দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকায় তাকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচিকে সফল করতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।